জুলাই ১৪, ২০২৬, ০৪:৪৯ পিএম
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণ নিয়ে স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে স্থানীয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারবে।মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে এ কথা জানান মন্ত্রী।মন্ত্রীর বিবৃতির পাশাপাশি রাজধানীতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সায়েন্সল্যাব, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন।সায়েন্সল্যাব ও ডিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছেন যে, বন্যা ও জলাবদ্ধতায় কেন্দ্রে পৌঁছাতে গিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেনি। তাই এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন তারা।এদিকে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। শিক্ষার্থীদের দাবি, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন