জুলাই ১৫, ২০২৬, ০৮:৪৮ পিএম
ডেঙ্গু থেকে সুরক্ষায় মশারি ব্যবহারের পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা বা লম্বা করে লুঙ্গি পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাতীয় সংসদে বুধবার এক প্রশ্নের জবাবে তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।তিনি জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে সরকারের নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি-এর বাইরে তারা বাড়তি কোনো অর্থ নিতে পারবে না। হাসপাতাল মালিকরা এই সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে সম্মতি প্রদান করেছেন বলেও জানান তিনি।
সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে বর্তমানে এক লাখ ছয় হাজার ৬০০ আরডিটি কিট মজুদ রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও প্রায় পাঁচ লাখ কিট মজুদে যুক্ত হবে। ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগ মজুদ রাখা হয়েছে এবং প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন সরবরাহ করা হয়েছে।
ডেঙ্গু রোগীদের চাপ বৃদ্ধি পেলে পরিস্থিতি সামাল দিতে মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর প্রস্তুতি রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের ১২টি জেলায় ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে আরও পাঁচটি জেলায় এই সুবিধা যুক্ত হবে।
ডেঙ্গু প্রতিরোধে গত দুই মাস ধরে প্রতি শনিবার সারা দেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসক ও উপজেলা কর্মকর্তারা সম্পৃক্ত রয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে মশা নিধনে স্প্রে এবং লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী সংসদে উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন