রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

জাতীয় ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১০:০৭ এএম

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

ছবি - সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন।তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি সম্পূর্ণ পেশাদার বাহিনীতে পরিণত করা।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র ও সরকার, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি এবারের বাজেটকে জীবনবান্ধব ও জনবান্ধব হিসেবে অভিহিত করে বলেন, বাজেট পেশের পর বিভিন্ন সংস্থা এটি জনবান্ধব বলে স্বীকার করেছে।

সরকারি প্রশাসন ও সমাজের প্রতিটি স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার প্রচেষ্টায় আজ এই সংসদ জনগণের কাঙ্ক্ষিত সংসদে পরিণত হয়েছে। সরকারের নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এর ফলে দেশের ১৩ লাখ প্রান্তিক কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, সমাজকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মগুরুদের সম্মানী প্রদানের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এই সব সেবা একটি কার্ডের আওতায় এনে ইউনিভার্সাল কার্ড চালু করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ঋণ-নির্ভর অর্থনীতি থেকে দেশকে একটি বিনিয়োগ-নির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী পাঁচ বছরে দেশের সরকারি ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ২৫ কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।