রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৭:১৩ পিএম

মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি - সংগৃহীত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে বিজিবি সদর দপ্তরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, সীমান্তে অস্থিতিশীলতা মোকাবিলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থেই বেড়া নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের কারণে বাংলাদেশ বর্ডার এক ধরনের সংকটের সম্মুখীন। তবে অবৈধভাবে কোনো ব্যক্তিকে পুশ-ইন করার সুযোগ কাউকে দেওয়া হয়নি। বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত সতর্ক অবস্থানে প্রতিটি পুশ-ইন প্রতিহত করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ সবসময় ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সমাধান করে।

মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ছদ্মনামে পলাতক থাকা এই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর বর্তমান সেনা আইনেই বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, একই অপরাধে সিভিল আইন ও মার্শাল ল’—দুই ভিন্ন আইনে আলাদাভাবে বিচার করার আইনি সুযোগ নেই। তাই জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।

ল্যান্ডমাইন শনাক্তকরণে বিজিবিকে অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সীমান্তকে নিশ্ছিদ্র করা এখন সবচেয়ে জরুরি। বিজিবি’র সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি, আধুনিক যানবাহন ও নতুন প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বার্থে এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সরকার বিজিবিকে সব ধরনের সহায়তা প্রদান করবে বলে তিনি আশ্বস্ত করেন।