আগস্ট ২, ২০২৬, ১১:৩৫ এএম
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে বলে জানান তিনি। রোববার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বক্তব্য রাখেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে এবং সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার যেন কাউকে গ্রাস না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার পরিবর্তে সংবিধান, আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করতে হবে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা পুনরুদ্ধারে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের বিকল্প নেই। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া প্রত্যাশা পূরণে পুলিশকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের মাধ্যমে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এ প্রশিক্ষণে অংশ নেওয়া আটান্ন জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন