বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নিবন্ধন ফিরে পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

জাতীয় ডেস্ক

আগস্ট ২৩, ২০২৬, ১২:১৭ পিএম

নিবন্ধন ফিরে পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

ছবি : সংগৃহীত

সাময়িকভাবে বাতিল হওয়ার পর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল করেছে সরকার। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন এই সংবাদমাধ্যমটির জন্য পুনরায় নিয়মিত সংবাদ ও তথ্য পরিবেশনের কার্যক্রম পরিচালনা করার পথ সুগম হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে পোর্টালটির ওপর পূর্বে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কতৃপক্ষের কাছে নিয়মমাফিক আবেদন জমা দেওয়ার পর যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে গত বছরের ডিসেম্বর মাসে তৎকালীন সরকারের এক প্রশাসনিক আদেশে এই নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে নিবন্ধন ফিরে পেতে পোর্টালটির পক্ষ থেকে কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে চূড়ান্তভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের এই নির্দেশ এল। 

জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনাকে সামনে রেখে গত বছরের জুলাই মাসে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল পোর্টালটি।যাত্রার শুরু থেকেই গণমানুষের মৌলিক অধিকার রক্ষা, মুসলিম বিশ্বের নানা সংকট এবং আগ্রাসন-বিরোধী সংবাদ প্রচার করে পোর্টালটি পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। 

তবে নিবন্ধনের স্থগিতাদেশ আসায় বিগত মাসগুলোতে এর কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছিল। নিবন্ধন ফিরে পাওয়ার পর ‘বাংলা এডিশন’ কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে নিজেদের আপসহীন অবস্থান বজায় রাখবে। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করার মাধ্যমেই তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।