সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৪:২৮ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ করা এই নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরির বেতন ভাতাদি আদেশ ২০২৬’। বর্ধিত মূল বেতনের অর্থ ধাপে ধাপে সরকারি কোষাগার থেকে সমন্বয় করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কাঠামোটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা প্রাপ্য বর্ধিত বেতনের অর্থ বকেয়া হিসেবে হাতে পাবেন। বাস্তবায়নের প্রথম ধাপে, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই হার হবে ৫০ শতাংশ। এই বাড়তি অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে সরাসরি যুক্ত হবে।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বর্ধিত মূল বেতনের শতভাগ কার্যকর হবে। ভাতা ও পেনশন সুবিধার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে আরও সময় লাগবে।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী অন্যান্য সব ভাতা পাওয়া শুরু করবেন। একইভাবে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও ওই দিন থেকে নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য আর্থিক সুবিধা ভোগ করবেন। নতুন এই বেতন কাঠামোয় প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। আনুপাতিক হারে তাদের বিভিন্ন ধরনের ভাতাও বাড়ানো হবে। এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন