সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,
বিশ্ব বসতি দিবস

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ১০:৪০ এএম

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‍‍`সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ‍‍` প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার (৫ অক্টোবর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ আয়োজন শুরু হয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।

মূল আলোচনা সভায় যোগদানের পূর্বে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‍‍`স্বর্ণচাঁপা‍‍` গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

বিশেষ অতিথি ও প্রতিনিধি হিসেবে এতে অংশ নিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ নিচ্ছেন।