অক্টোবর ৫, ২০২৬, ১১:২৮ এএম
গাজায় সামরিক বাহিনীর হামলায় নিহত ১৭০ জন সাংবাদিক `সন্ত্রাসী` ছিলেন বলে ইসরাইলের তোলা দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, নিহত সাংবাদিকেরা কোনো ধরনের সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরাইলের এই দাবির পক্ষে এক টুকরো প্রমাণও নেই।
ইসরাইলের এই অভিযোগের সপক্ষে প্রমাণের হার শূন্য বলে উল্লেখ করেন তিনি। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করে, তাদের নিজস্ব তদন্তে দেখা গেছে যারা সাংবাদিক হিসেবে কাজ করছিলেন, তারা মূলত গাজায় হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন। ইসরাইলি বাহিনীর এমন বিবৃতির জবাবে আলবানিজ বলেন, সামরিক সংশ্লিষ্টতার পক্ষে কোনো প্রমাণ তারা হাজির করতে পারেনি।
এই বিষয়ে তিনি খুব শিগগির একটি বিশদ প্রতিবেদন আন্তর্জাতিক মহলে প্রকাশ করবেন। আলবানিজ তার বার্তায় আরও অভিযোগ করেন, পশ্চিমা গণমাধ্যমগুলো যখন মাঠপর্যায়ের তথ্য যাচাই শুরু করেছে, তখন ইসরাইল অপতথ্য ছড়ানোর মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।
জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক দাবি করেন, গাজায় পরিচালিত গণহত্যার পক্ষে আন্তর্জাতিক বৈধতা তৈরি করতে ইসরাইলি সেনাবাহিনীর একটি নির্দিষ্ট শাখা বা সেল মনগড়া বিবরণ তৈরি করছে। তার আসন্ন প্রতিবেদনে এসব কর্মকাণ্ডের প্রতিটি দিক বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন