অক্টোবর ৫, ২০২৬, ১১:১৪ এএম
সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহরের ওপর চাপ কমাতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়েছে এবং পরিকল্পিত নগরায়ণের অংশ হিসেবে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
নগরায়ণের বিকেন্দ্রীকরণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্ত করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১১) অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার।
আলোচনা সভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন