তানভীর হাসান তানু
অক্টোবর ৫, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: দিনাজপুর টিভি
শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি—ভবিষ্যৎ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে এবং জেলার সব স্তরের শিক্ষকদের অংশগ্রহণে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি ছাড়াও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম ফেরদৌস। এ সময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। শুধু শিক্ষার মানোন্নয়ন করলেই চলবে না, শিক্ষকদের পেশাগত মর্যাদা, সামাজিক অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সমান দায়িত্ব।
বক্তারা আরও বলেন, শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ থাকেন না, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সঞ্চার ঘটিয়ে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।