সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

সীমিত আয়ের মানুষের বাসস্থান নিশ্চিত সরকারের অঙ্গীকার

জাতীয় ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ০২:৫৩ পিএম

সীমিত আয়ের মানুষের বাসস্থান নিশ্চিত সরকারের অঙ্গীকার

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহরের ওপর জনসংখ্যার চাপ কমাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে ইতোমধ্যে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু করা হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে নতুন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, নগরায়ণ কার্যক্রম বিকেন্দ্রীকরণ ও এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এসব পদক্ষেপ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত এসডিজি-১১ অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। আলোচনা সভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।