অক্টোবর ৫, ২০২৬, ০৪:০৫ পিএম
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষকদের হাতে এ রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক সমাজের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি করে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সারাদেশের শিক্ষকদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে জাতীয় স্টিয়ারিং কমিটি মোট ৯৫ জনকে চূড়ান্ত তালিকার জন্য মনোনীত করে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে আরও ছয়জন শিক্ষককে নির্বাচন করেন। সব মিলিয়ে মোট ১০১ জন গুণী শিক্ষককে এ বছর এই বিশেষ সম্মাননার আওতায় আনা হয়েছে। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সম্মাননা তালিকায় অন্তর্ভুক্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি পরবর্তীতে কোনো ধরনের বিরূপ মন্তব্য বা নেতিবাচক তথ্য পাওয়া যায়, তবে সাথে সাথে তার নাম তালিকা থেকে বাতিল করা হবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন