সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৩:১১ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

ছবি - সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের ইঙ্গিত দিয়ে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সুখবর দেন।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, যোগ্য ও মেধাবীদের নিয়োগ নিশ্চিত করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়াটি এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন করা হবে এবং এই উদ্যোগ অচিরেই বাস্তবায়ন হবে।

শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় আগের মতো অতিরঞ্জিত নম্বর দেওয়ার প্রবণতা বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য নির্ভুল পাঠ্যবই ছাপানোর কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ব শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তাদের মর্যাদা রক্ষায় সরকার কাজ করে যাবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুজান ভাইজ।