সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৩৯ পিএম
অর্থ মন্ত্রণালয় আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি নতুন গাড়ি কেনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাতিল করেছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, "আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসা গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে—গণমাধ্যমের এমন খবর সঠিক নয়।"
তিনি আরও জানান, আগের সরকারের সংসদ সদস্যদের জন্য আমদানি করা প্রায় ৩০ থেকে ৪০টি বিলাসবহুল গাড়ি সরকার জব্দ করেছে। এই গাড়িগুলোর প্রতিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা। জব্দকৃত এই গাড়িগুলো নির্বাচনকালীন সময়ে ব্যবহার করা হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ তার সাম্প্রতিক জাপান সফর সম্পর্কে বলেন, জাপান আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল নেবে। তবে এর জন্য জাপানি ভাষা জানা বাধ্যতামূলক। তার মতে, দুই দেশের সরকারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন