সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৩৩ পিএম
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, যে ওয়েবসাইট থেকে এই ভিসা নিষেধাজ্ঞার খবর ছড়িয়েছে, সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো অফিশিয়াল ওয়েবসাইট নয়।
গত ১৭ সেপ্টেম্বর 'ইউএই ভিসা অনলাইন' নামের একটি ওয়েবসাইটে বাংলাদেশসহ ৯টি দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) এই খবরটি বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এই ভিসা নিষেধাজ্ঞার খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে। দূতাবাস জানিয়েছে, সাপ্তাহিক ছুটি শেষে তারা আমিরাত সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। একইসঙ্গে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার জন্য দূতাবাস সবার প্রতি আহ্বান জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন