সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:২০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি সব প্রস্তুতি নিচ্ছে। সিইসি জানালেন, সুষ্ঠু ভোটের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটসহ নতুন উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে তিনি এই ঘোষণা দেন। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি বলেন, ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশন নতুন নতুন উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটারসহ নির্বাচনী কাজে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে সংস্থাটি কাজ করছে। রমজান শুরুর আগেই ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা যায়।
রোববার সকালে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে এবং বিকেলে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবসহ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার এবং টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান প্রমুখ। এই সংলাপের ধারাবাহিকতায় পূজার ছুটি শেষ হলে অক্টোবর মাসে নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন