অক্টোবর ২৬, ২০২৫, ০২:২১ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে আয়োজন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন বাকি দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের এবং আশা প্রকাশ করেন যে তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে কথা বলার পাশাপাশি সিম কার্ড রেজিস্ট্রেশন নিয়ে সরকারের নতুন পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, একজনের নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে। এর ফলে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এই সমস্যা সমাধানের জন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে। তিনি বলেন, ‘কোনো ঘটনা ঘটার পর দেখা যায়, সিমটি সেই ব্যক্তির নয়।
আমরা চেষ্টা করছি, জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ ৭টি সিমকার্ড নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।’জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি কিছু সমস্যার সমাধান করে এবং দেশের জনগণ যদি সচেতন থাকে, তবে আগামী নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না বলে দাবি করেন এবং এ বিষয়ে কোনো অনিয়মের খবর পেলে তা প্রকাশ করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়া প্রসঙ্গে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য কোনো ব্যক্তি চাইলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই ধরনের গাড়ির অনুমতি দেওয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন