অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫১ পিএম
কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (২৬ অক্টোবর) দুপুরে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই আকস্মিক বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। ডিএমটিসিএল যাত্রীদের উদ্দেশে দেওয়া বার্তায় বলেছে, ‘সম্মানিত যাত্রীগণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ করা হলো।’
মেট্রোরেল চলাচল বন্ধের সুনির্দিষ্ট কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও, এর কিছুক্ষণ আগেই রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের লাইন থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ফার্মগেট মোড়ের কাছে ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে প্রায় ১৪০-১৫০ কেজি ওজনের ভারী ধাতব বস্তুটি সরাসরি তার মাথায় পড়ে।
এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই মেট্রোরেলের উভয় লাইনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।টিই প্রথমবার নয় যে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটল। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে একই ধরনের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়েছিল।
যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি, তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। উল্লেখ্য, বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিশেষ ধরনের রাবার ও ইস্পাতের সমন্বয়ে তৈরি এই প্যাড উড়ালপথের কাঠামোর বিশাল ভার বা চাপ সরাসরি পিলারে স্থানান্তরিত না করে সেটিকে শোষণ করে এবং নিরাপদে মাটিতে সঞ্চারিত করতে সাহায্য করে। এই ঘটনার পর মেট্রোরেলের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন