ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:২৮ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনি আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট দুটি আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি এই স্বাক্ষর সম্পন্ন করেন।
এর আগে সকালে তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান গত শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। দলের সিনিয়র নেতাদের অনুরোধে তিনি ঢাকার এই মর্যাদাপূর্ণ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। এদিকে, তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে এবং নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়েছেন। পার্থ এখন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার রাতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে ঢাকা-১৭ আসনে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় আন্দালিব রহমান পার্থের নির্বাচনি এলাকা পরিবর্তন করা হয়েছে।বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনটি জিয়া পরিবারের ঐতিহ্যবাহী আসন। বরাবরের মতোই এই আসন থেকে তারেক রহমানের নির্বাচনে লড়া তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
একই সঙ্গে ঢাকার গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে তাঁর প্রার্থিতা রাজধানীর রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।তারেক রহমানের এই সরাসরি নির্বাচনি লড়াইয়ে অংশগ্রহণের ঘোষণা বিএনপির আন্দোলন এবং নির্বাচনি প্রচারণায় নতুন মাত্র যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন