জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:২২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, যারা ভয় দেখিয়ে বা মানুষকে হুমকি দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদের পতন হবে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ এখন আর আগের জায়গায় নেই; মানুষ জুলুম, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় প্রহর গুনছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নে ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠককালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম তার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর তথাকথিত ‘হেভিওয়েট’ কনসেপ্টের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, "১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো স্বঘোষিত হেভিওয়েট নেতার দাপট টিকবে না। মানুষ এবার ব্যালটের মাধ্যমে বড় বড় রাজনৈতিক দলের হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
তিনি আরও অভিযোগ করেন, গত এক বছর তিন মাস যারা মানুষের ওপর জুলুম করেছে, তারা এখন নির্বাচনের আগে ‘ফেরেশতা’ সাজার চেষ্টা করছে। কিন্তু গিরগিটির মতো চরিত্র বদলানো এসব মানুষকে সাধারণ ভোটাররা চিনে রেখেছে এবং সঠিক সময়ে তারা উপযুক্ত জবাব দেবে।নির্বাচনী প্রচারণায় বাধার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, পঞ্চগড়-১ আসনে বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় সাধারণ মানুষ এবং ১০ দলীয় জোটের কর্মীদের হুমকি দিচ্ছে। তিনি বলেন, "আজ সকালেই এক জামায়াত কর্মী অভিযোগ করেছেন যে তাকে হুমকি দিয়ে বলা হয়েছে—ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নেওয়া হবে।
আমি স্পষ্ট বলে দিতে চাই, হুমকি-ধামকি দিয়ে মানুষকে দাবিয়ে রাখার দিন শেষ। মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিন, নতুবা ইতিহাসের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকুন।সারজিস আলম আরও বলেন, ১০ দলীয় জোট একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। পঞ্চগড়সহ পুরো বাংলাদেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১০ দলীয় জোট বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পঞ্চগড়ের মাটি ও মানুষের অধিকার আদায়ে তিনি শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গণসংযোগকালে স্থানীয় এনসিপি ও জোটের শরিক দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন