সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুবদলের জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:৩৯ পিএম

যুবদলের জরুরি নির্দেশনা

সংগঠনের অভ্যন্তরীণ চেইন অব কমান্ড ও সামগ্রিক শৃঙ্খলা সুদৃঢ় করতে সারাদেশের জেলা, মহানগর এবং এর অধীনস্থ সকল ইউনিটের জন্য বিশেষ জরুরি সাংগঠনিক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।

এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত এখতিয়ার কেবল কেন্দ্রীয় নির্বাহী কমিটির থাকবে। জেলা ও মহানগর কমিটির আনুষ্ঠানিক সুপারিশের আলোকেই কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংশ্লিষ্ট ইউনিটের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত অনুমোদন করবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি কিংবা কোনো নেতাকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ প্রদানের মতো বিষয়ে জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত নেবে।

তবে এই সিদ্ধান্ত কার্যকরের আগে অবশ্যই কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে লিখিতভাবে অবহিত করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করা কিংবা কেন্দ্রের স্পষ্ট পরামর্শ ও মতামত গ্রহণ ছাড়া অধীনস্থ কোনো ইউনিটের বিরুদ্ধে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা করা যাবে না। অনুরূপভাবে ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি কিংবা কাউকে বহিষ্কার, পদ স্থগিত বা অব্যাহতি দেওয়ার বিষয়ে জেলা অথবা মহানগর কমিটিকে অবহিত রেখে উপজেলা, পৌর বা থানা শাখা সিদ্ধান্ত প্রদান করতে পারবে।

যেসব উপজেলা, পৌর বা থানা ইউনিটে কোনো কার্যকর কমিটি বিদ্যমান নেই, সেসব ইউনিটের আওতাভুক্ত ওয়ার্ডের সাংগঠনিক বিষয়ে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকবে সংশ্লিষ্ট জেলা বা মহানগর কমিটির হাতে। ঘোষিত এই কেন্দ্রীয় নির্দেশনা কোনো ইউনিটের কেউ অমান্য করলে তার বিরুদ্ধে সরাসরি সর্বোচ্চ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।