মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

অস্ত্র নয় জনগণই দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৩৯ পিএম

অস্ত্র নয় জনগণই দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয় বরং দেশের সাধারণ জনগণই রাষ্ট্রের সবচেয়ে বড় চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সোমবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে আয়োজিত দলের ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের হাতে আধুনিক সামরিক অস্ত্র থাকা সত্ত্বেও জনগণের সমর্থন না থাকায় তারা এই ভূখণ্ডে শাসনক্ষমতা ধরে রাখতে পারেনি। 

একইভাবে পাকিস্তানের শাসকগোষ্ঠীর হাতেও আধুনিক মারণাস্ত্র ছিল, কিন্তু সাধারণ মানুষের আস্থা ও সমর্থন হারিয়ে ফেলায় তারাও টিকে থাকতে পারেনি। এমনকি বিগত শাসনামলে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার হাতেও সর্বাধুনিক অস্ত্র ও রাষ্ট্রযন্ত্র ছিল, কিন্তু সামগ্রিক গণসমর্থন না থাকায় তিনিও চূড়ান্তভাবে ক্ষমতায় বহাল থাকতে পারেননি। জনভিত্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধর্মীয় আদর্শ ও দাওয়াত পৌঁছে দেওয়ার তাগিদ দেন। ব্যক্তিগত ও দলীয় প্রভাব বৃদ্ধির জন্য সাধারণ জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি একক বাক্সের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে অংশ নিয়েছিল। পৃথিবীতে সার্বভৌম আল্লাহর বিধান প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই দলটি প্রতিটি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ইসলামের নাম ব্যবহার করে যারা নীতিহীন ও অনৈসলামিক কার্যক্রম পরিচালনা করছে, দেশের মানুষ খুব দ্রুত তাদের প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দেন এই ইসলামি বক্তা।

তিনি জোর দিয়ে বলেন, জনমানুষের আন্তরিক প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে পৌঁছে দাওয়াতি কাজ সম্পন্ন করতে হবে। কর্মী সম্মেলন ও নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, জামিয়া সাওতুল হেরা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম, যুব আন্দোলনের দক্ষিণ জেলা সভাপতি এইচ. এম. হুজাইফা, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, মহানগর শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরী। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।