মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,
কূটনৈতিক বিদায়ী বৈঠক

বিরোধীদলীয় নেতার সাথে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৪:৩৭ পিএম

বিরোধীদলীয় নেতার সাথে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে বিদায়ী আনুষ্ঠানিক সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সাথে দেশটির দূতাবাসের উচ্চপর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, এটাচে মিস লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই।

উভয় দেশের বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে। একই সাথে দ্বিপক্ষীয় উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও সামগ্রিক অগ্রগতির ধারাকে বেগবান করতে উভয় রাষ্ট্র ভবিষ্যতেও একযোগে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালনের জন্য চীনা রাষ্ট্রদূতের ভূয়সী প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা ও দলীয় নেতৃবৃন্দ। বিশেষ করে জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সংকটকালীন সময়ে জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কোন্নয়ন ও বহুদলীয় সংলাপের অনুকূল পরিবেশ তৈরিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ইতিবাচক তৎপরতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উচ্চপর্যায়ের এই কূটনৈতিক বৈঠকে জামায়াতে ইসলামীর শীর্ষ সংসদ সদস্য ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে অংশ নেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও এহসানুল মাহবুব জুবায়ের। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।