অক্টোবর ১০, ২০২৫, ০৭:০৭ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে একটি ‘নির্বাচনি যুদ্ধ’ এবং সেই যুদ্ধে ভারত বিরোধী ও ইসলামি শক্তি বিজয়ী হবে।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করিম বলেন, “সামনে এক যুদ্ধ আসছে, নির্বাচনি যুদ্ধ। এই যুদ্ধে ইসলামের পক্ষের শক্তির সঙ্গে ইসলামের বিপক্ষের শক্তির লড়াই হবে। ভারতের বিপক্ষের শক্তির সাথে, ভারতের পক্ষের শক্তির একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি, সেই যুদ্ধে ইসলামের পক্ষের শক্তি এবং দেশের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে। আর বিদেশের দালালেরা অবশ্যই পরাজিত হবে।”
তিনি বলেন, এই যুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাত পাখা’ শুধু অংশগ্রহণের জন্য নয়, বরং বিজয় নিশ্চিত করার জন্যই এই যুদ্ধে নামবে।দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ শ্রমিক উল্লেখ করে তিনি শ্রমিকদের ইসলামী শক্তির পক্ষে কাজ করার এবং দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “হাত পাখা যদি বিজয়ী হয়, তাহলে শ্রমজীবী মানুষ বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে।”সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন