জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:১২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বকনিষ্ঠ প্রার্থীর পরিচয় পাওয়া গেছে। দলটির হয়ে এবার কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে লড়ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজা। মাত্র ৩৩ বছর ২ মাস বয়সে তিনি সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হয়ে জামায়াতের সবচেয়ে কম বয়সী প্রার্থীর তকমা পেয়েছেন।
বর্তমানে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে তিনি ব্যস্ত সময় পার করছেন।মুফতি আমির হামজা ১৯৯২ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণার পাশাপাশি ঢাকার আদ্-দ্বীন হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামি বক্তা হিসেবে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয় এই তরুণ আলেম গত বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং দলের হয়ে নির্বাচনে লড়ার সুযোগ পান।হলফনামার তথ্য অনুযায়ী, জামায়াতের এবারের প্রার্থীদের মধ্যে উচ্চশিক্ষিতদের প্রাধান্য বেশি। দলটির ২২৪ জন প্রার্থীর মধ্যে ২০১ জনই উচ্চশিক্ষিত, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ও পেশাজীবী রয়েছেন। আমির হামজা সর্বকনিষ্ঠ হলেও জামায়াতের প্রবীণতম প্রার্থীর তালিকায় রয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের মিজানুর রহমান ও গোপালগঞ্জ-১ আসনের মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা; যাদের উভয়ের বয়সই ৭৭ বছর।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি (২৮৮টি), দ্বিতীয় সর্বোচ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৫৩টি) এবং জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রার্থী দিয়েছে। কুষ্টিয়া-৩ আসনে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমির হামজার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। নিজের এলাকায় ৬ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন এবং রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি ইতোমধ্যে আলোচনায় এসেছেন। তবে সম্প্রতি শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে পুরোনো একটি বিতর্কিত বক্তব্যের কারণে তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে, যার জন্য তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন