জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:৪৩ পিএম
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘ভাই ব্যবসা’ বা ভাই হত্যার সুযোগ নিয়ে রাজনীতি করার গুঞ্জনের মুখে এবার কড়া জবাব দিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। আজ রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি স্পষ্ট করেছেন যে, ক্যারিয়ারের নিশ্চিত ভবিষ্যৎ বিসর্জন দিয়ে কেবল ভাই হত্যার বিচার নিশ্চিত করতেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে স্নিগ্ধ উল্লেখ করেন, মুগ্ধ হত্যার পর ন্যায়বিচারের আশায় তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে বছরের পর বছর লড়াই করেছেন। কিন্তু প্রচলিত ব্যবস্থার সীমাবদ্ধতা দেখে তিনি বুঝতে পারেন, কেবল প্রশাসনিক দৌড়ঝাঁপে চূড়ান্ত বিচার পাওয়া সম্ভব নয়।
রাজনৈতিকভাবে এই দাবিকে শক্তিশালী করতে এবং জুলাইয়ের সকল শহীদের রক্তের ঋণ শোধ করতেই তিনি মাত্র ২০ টাকার ফরম পূরণ করে একটি রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন।
সমালোচনার জবাব দিতে গিয়ে স্নিগ্ধ বলেন, তিনি বিদেশের লোভনীয় ক্যারিয়ারের সুযোগ ছেড়ে দিয়ে বিনা পারিশ্রমিকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি একা নন, সরকারের ছাত্র উপদেষ্টা ও আন্দোলনের অন্যান্য পরিচিত মুখগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সততার সঙ্গে কাজ করেছেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, “পাবলিক বাসে চড়ে এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে ঘুরে ফাউন্ডেশনটিকে দাঁড় করিয়েছি। এ সময় নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও প্রায় ধ্বংস হয়ে গেছে।
যারা তাকে ‘ভাই ব্যবসায়ী’ হিসেবে অভিযুক্ত করছেন, তাদের প্রতি প্রশ্ন রেখে স্নিগ্ধ বলেন, “আমি কীভাবে ব্যবসা করলাম? প্রমাণ ছাড়াই কাউকে অসৎ ট্যাগ দেওয়া কি ঠিক? আমার কি নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিতে চলে যাওয়াই শ্রেয় ছিল?” তিনি আরও বলেন, রাজনীতি কোনো ব্যবসা নয়, যারা একে ব্যবসা বানিয়েছে তাদের বারবার জিতিয়ে দেওয়াই আসল সমস্যা। নিজের ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে সকল জুলাই শহীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন