মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৫৭ পিএম

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী লড়াই এখন আদালতের বারান্দায় পৌঁছেছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই বিষয়ে আদেশের জন্য আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন। 

আদালতের রোববারের কার্য তালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এই রায়ের ওপরই নির্ভর করছে হেভিওয়েট এই আসনে বিএনপির নির্বাচনী ভাগ্য।

ঘটনার সূত্রপাত হয় যখন এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আবেদন করেন। হাসনাতের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ইসি মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। 

কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করলেও গত ২১ জানুয়ারি আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপরই তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ ভরসা হিসেবে আপিল বিভাগে আবেদন জানান।কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সীর এই আইনি লড়াই এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এক সময়ের দাপুটে নেতা মুন্সী যদি শেষ পর্যন্ত লড়তে না পারেন তবে ভোটের মাঠের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে আনা ঋণ খেলাপির অভিযোগটি আইনিভাবে কতটা শক্ত তা কালকের আদেশের মাধ্যমেই পরিষ্কার হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আসনের রায় সারা দেশের নির্বাচনী আমেজে বড় প্রভাব ফেলবে।

আগামীকাল রোববারের এই আদেশকে কেন্দ্র করে কুমিল্লা-৪ নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক কৌতুহল ও উত্তেজনা বিরাজ করছে। মুন্সীর সমর্থকরা আদালতের ইতিবাচক আদেশের অপেক্ষায় আছেন অন্যদিকে হাসনাত আবদুল্লাহর অনুসারীরা আইনি লড়াইয়ে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত আপিল বিভাগ কী সিদ্ধান্ত দেয় তার ওপরই ঝুলে আছে এই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা।