রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়ায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:১৬ পিএম

নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়ায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে এখন চলছে শেষ মুহূর্তের অপেক্ষা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশব্যাপী নিজের দীর্ঘ নির্বাচনি সফরের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। টানা ২০ দিনের সফরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন তিনি। 

জনগণের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব সাড়া এবং ভালোবাসায় সিক্ত হয়ে তিনি মহান আল্লাহর শুকরিয়া ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বলেন, “প্রায় ২০ দিনের সফরে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। 

এই সফরে দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। পাহাড় কিংবা সমতলে, শহর ও গ্রামে—নারী-পুরুষ সকলেই বেইনসাফির শিকল ভেঙে এক নতুন সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তার এই সফরে তিনি প্রায় ৪৩টি জেলায় ভ্রমণ করেছেন এবং ৭০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। প্রতিটি সমাবেশে মানুষের উপস্থিতি তাকে মুগ্ধ করেছে এবং তিনি সেখানে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন।সফরের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। জামায়াত আমির জানান, স্বজন হারানোর বেদনা বুকে নিয়েও তারা একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এই সফরের সফলতার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত পরিশ্রমের কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

নেতৃত্বের বিনয় প্রকাশ করে ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন। তিনি লিখেন, “আমাদের এই সফরে যাত্রাপথে কিংবা জমায়েত চলাকালে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” জনভোগান্তির প্রতি এমন সংবেদনশীলতা রাজনৈতিক মহলে প্রশংসিত হচ্ছে। সবশেষে তিনি আগামীকালের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটদান এবং ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একটি মানবিক, নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন।