মে ৫, ২০২৬, ১১:১৬ এএম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জানিয়েছেন, তিনি এমপি হওয়ায় একটি মহলের চাঁদাবাজি ও মাদকের সাম্রাজ্য নির্বিঘ্নে চলতে পারছে না। সোমবার (৪ মে) তিনি এই অভিযোগ করেন।
নিজের ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ভালো কাজের উদ্যোগ নিলেই কিছু কুচক্রী মহল তাকে পেছন থেকে টেনেহিঁচড়ে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে তিনি জানান।
মুফতি আমির হামজা বলেন, অপকর্মকারীদের হাতে এই মুহূর্তে কোনো কল্যাণকর রাজনীতি নেই এবং তারা মানুষের জন্য ভালো কিছু করতে সক্ষম নয়। তার পথ আটকানোর চেষ্টাই এখন ওই মহলের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। এর ফলে কুষ্টিয়াবাসী ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে তিনি বলেন, মহলটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
কুষ্টিয়াবাসীর দেওয়া আমানত রক্ষার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, এর জন্য তিনি পিছু হটবেন না।সবশেষে কুষ্টিয়া-৩ আসনের জনসাধারণের প্রতি বিশ্বাস জানিয়ে তিনি উল্লেখ করেন, আগেও তারা পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। সম্মিলিত লড়াইয়ে অপকর্মকারীদের পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন মুফতি আমির হামজা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন