জুলাই ২৫, ২০২৬, ০৯:১৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।শনিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা কার্যালয় চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের দ্বিতীয় পর্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান নতুন নেতৃত্ব ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।
পরে তাদের নতুন পদের জন্য দলীয় শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। এর আগে জেলার মজলিসে শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোট ও মাসোয়ারার মাধ্যমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কে এম আতিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের আমীর এককভাবে নির্বাচনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তা পরবর্তীতে সঠিক প্রমাণিত হয়েছে। এসময় তিনি অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে মন্তব্য করে বলেন, সব ইসলামী দলের ভোট একত্র করার চেষ্টা করা হলেও একটি নির্দিষ্ট দলের কারণে তা সম্ভব হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে যখন তাদের আমীর সঠিক পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন অন্য একটি দল ভিন্ন পথে হাঁটছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মুহাম্মদ আল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই নতুন কমিটি দলের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন