সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ১১:০৭ এএম

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খাঁন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী শনিবার থেকেই কুষ্টিয়ায় অবস্থান করছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘুরেছেন। সে সময় বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ তার সাথে কোনো দ্বন্দ্বে জড়ায়নি। রোববার রাতে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে লালন শাহের মাজারে যান। সেখানে অবস্থানরত কিছু মানুষের সঙ্গে সময় কাটান। ফেরার পথে কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা বাধে এবং একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

রাশেদ খাঁন বলেন, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন। পুরো বিষয়টি কারও নখদর্পণে ছিল না। নাসীরুদ্দীন পাটওয়ারী যে মাজারে গিয়েছিলেন, সে বিষয়েও তিনি স্থানীয় প্রশাসনকে আগে থেকে কিছু জানাননি। একজন দায়িত্বশীল নেতার এভাবে প্রশাসনকে না জানিয়ে চলাফেরা করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারী পুলিশের নিরাপত্তায় কিছু দূর আসার পর হঠাৎ গাড়ি পরিবর্তন করে দ্রুতবেগে স্থান ত্যাগ করেন। এর আগে ঝিনাইদহের ঘটনায় তিনি সরাসরি থানায় গিয়েছিলেন। কুষ্টিয়ার ঘটনায় তিনি কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত চলে গেলেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাশেদ খাঁন।