রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হিন্দুস্তান নয়, সিদ্ধান্ত নেবে দেশের জনগণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৬:৩৫ পিএম

হিন্দুস্তান নয়, সিদ্ধান্ত নেবে দেশের জনগণ

ছবি - সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “কথাবার্তা পরিষ্কার, হিন্দুস্তান (ভারত) নয়, সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।” তিনি বলেন, দিল্লি সরকারের আধিপত্য এবং দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাজনীতি বাংলাদেশে আর চলবে না।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত জাগপার ৭ দফা দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কঠোর মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, দেশের মানুষ যখন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়, তখন কেউ কেউ সংবিধানের দোহাই দিচ্ছেন। কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তী সরকার নিজেও তো সংবিধানের অক্ষরে অক্ষরে মেনে গঠিত হয়নি। তাই সংস্কারের প্রশ্নে সংবিধানের অজুহাত গ্রহণযোগ্য নয়।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না, পরে আন্দোলন করেছে। এখন পিআর পদ্ধতিতে রাজি না, পরে ঠিকই পিআর নিয়ে আন্দোলন করবে।” তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে গ্রামের মানুষ বিভ্রান্ত হবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হবে।

তাই গণভোট অবশ্যই নির্বাচনের আগে ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে।সমাবেশে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খানসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। একই দাবিতে জাগপা ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।