নভেম্বর ২৬, ২০২৫, ০১:৫০ পিএম
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অডিও ভিজ্যুয়াল সেন্টারে ‘দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এই সেমিনারে নারী খেলোয়াড়দের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়া সকল বক্তাই সর্বক্ষেত্রে এবং সর্বসময়ে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সংশ্লিষ্ট সকল ফেডারেশনকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
তাদের মতে, নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা কেবল একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা।সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি, বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, এ্যাথলেটিক্সের ফারহাদ জেসমিন লিটি, দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা সহ অন্যান্য ক্রীড়াবিদ ও শিক্ষিকাবৃন্দ।
ভিডিও-কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেন কিংবদন্তী দাবাড়ু রানী হামিদ এবং এ্যাথলেটিক্সের কিংবদন্তী সুফিয়া খাতুন।সভায় সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তিনি নারী খেলোয়াড়দের বহু সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনার জন্য অভিনন্দন জানান।
তিনি বলেন, সম্মিলিত প্রয়াসে এমন একটি ক্রীড়াঙ্গন গড়ে তোলা উচিত, যেখানে নারী ও পুরুষ খেলোয়াড়েরা সমান সুযোগ, মর্যাদা, নিরাপত্তা, এবং আর্থিক সুবিধা (বেতন-ভাতা সহকারে) নিশ্চিত পাবেন। তিনি নারী খেলোয়াড়দের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন