বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১০ নম্বর জার্সির ইতিহাস এক ভুল থেকে যেভাবে কিংবদন্তি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

১০ নম্বর জার্সির ইতিহাস এক ভুল থেকে যেভাবে কিংবদন্তি

১০ নম্বর জার্সি বললেই বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়দের মুখ চোখের সামনে ভেসে ওঠে। পেলে, ম্যারাডোনা থেকে মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান কিংবা লিওনেল মেসি ও নেইমারদের মতো ফুটবল জাদুকররা এই বিশেষ নম্বরের জার্সি পরেই সবুজ গালিচায় একের পর এক রূপকথা লিখেছেন। তবে অনেকেই হয়তো জানেন না, বিশ্ব ফুটবলে রাজত্ব করা কিংবদন্তি এই জার্সির জন্ম হয়েছিল অনেক বড় এক প্রশাসনিক ভুল থেকে।

পেলের আবির্ভাবের আগে ১০ নম্বর জার্সি ছিল নিছক একটা সাধারণ সংখ্যা।১৯৫৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সময়মতো তাদের খেলোয়াড়দের জার্সি নম্বরের তালিকা জমা দিতে ব্যর্থ হয়। অগত্যা ফিফার এক কর্মকর্তা তখন ফুটবলারদের মধ্যে ১ থেকে ২২ নম্বর জার্সি লটারির মাধ্যমে সাধারণ নিয়মে বণ্টন করে দেন। সেই ঘটনাচক্রে ১০ নম্বর জার্সিটি চলে যায় তৎকালীন মাত্র ১৭ বছর বয়সি এক সাধারণ কিশোর ফুটবলারের কাছে, বিশ্বজুড়ে সবাই যাকে একবাক্যে পেলে নামে চেনে।

চোটের কারণে শুরুতে বেঞ্চে থাকলেও মাঠে নামার পর পুরো বিশ্বকাপ মাতিয়ে তোলেন পেলে। ওয়েলসের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হ্যাটট্রিক এবং আয়োজক সুইডেনের সঙ্গে ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বজয়ের শিরোপা এনে দেন তিনি। এরপর থেকেই পেলে এবং ১০ নম্বর জার্সি একে অপরের সম্পূর্ণ পরিপূরক হয়ে ওঠে। শুরুর দিকে জার্সি নম্বর মাঠের অবস্থান অনুযায়ী দেওয়া হলেও সময়ের সঙ্গে এই জার্সি দলের সেরা ফুটবলারের প্রতীকে পরিণত হয়।

পেলের পর ১৯৮৬ বিশ্বকাপে ১০ নম্বর জার্সির মর্যাদা আরও বাড়িয়ে দেন দিয়েগো ম্যারাডোনা, যাঁর একক নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পরবর্তীতে ১৯৯৮ সালে জিনেদিন জিদান ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জিতিয়ে এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যান এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে এই ঐতিহ্যে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে কিংবা নেইমারের মতো বর্তমান যুগের তারকারাও মাঠ মাতাচ্ছেন এই ১০ নম্বর জার্সি পরেই। মাঝে মাঝে প্রশাসনিক ভুলও যে কতটা সুন্দর ইতিহাস তৈরি করতে পারে, ফুটবল বিশ্বের এই জার্সি নম্বরটি তার সবচেয়ে বড় প্রমাণ।