রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেসির আর্জেন্টিনা বনাম সালাহর মিশর কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াই

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৫:২৬ পিএম

মেসির আর্জেন্টিনা বনাম সালাহর মিশর কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াই

ইতিহাসের নতুন অধ্যায় লেখার অপেক্ষায় আজ মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার শক্তিশালী দল মিশর। লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা, অন্যদিকে মোহামেদ সালাহকে সামনে রেখে নিজেদের নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে গ্রুপসেরা হয়েছে। শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩–১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, মিশরের যাত্রা বেশ লড়াকু। গ্রুপ পর্বে বেলজিয়ামের সঙ্গে ড্র ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে নকআউটে ওঠে তারা। শেষ বত্রিশে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা।

আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আক্রমণে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ দুর্দান্ত ছন্দে আছেন। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার দলের ভারসাম্য ধরে রেখেছেন। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ও গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেজ আস্থার প্রতীক।

মিশরের ভরসা মোহামেদ সালাহ। সালাহর সঙ্গে ওমর মারমুশ আক্রমণে দারুণ গতি যোগ করছেন। মাঝমাঠে ত্রেজেগে ও মারওয়ান আতিয়া দলের ছন্দ বজায় রাখছেন। রক্ষণে মোহামেদ আবদেলমোনেম এবং গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি মিশরের রক্ষাকবচ হিসেবে কাজ করছেন। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার লড়াই ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।