সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:২২ পিএম
আর্জেন্টাইন ফুটবল তারকা মাউরো ইকার্দির ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের পরিবহন মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের চিত্র প্রকাশ্যে আসার পর ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনার সূত্রপাত ইকার্দির সঙ্গী লা চিনা সুয়ারেজের পোস্ট করা একটি ভিডিও থেকে। ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়ির জানালা দিয়ে সিটবেল্ট না বেঁধে শরীরের অর্ধেকেরও বেশি অংশ বাইরে বের করে রেখেছেন তিনি। সে সময় গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি নিজে। পরবর্তীতে যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখতে পায় যে গাড়ি চালানোর সময় তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল। ভিডিওটি নজরে আসার পর বুয়েন্স আয়ার্সের প্রাদেশিক আইন ১৩৯২৭ অনুযায়ী ইকার্দির ওপর সতর্কতামূলক ও সাময়িক নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
আইনি প্রক্রিয়ায় প্রতীকীভাবে এই সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ ২০৯৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তবে এর অর্থ তাকে ৭৩ বছর অপেক্ষা করতে হবে এমন নয়। বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট সরকারি সংস্থা জানিয়েছে, এ ধরনের গুরুতর আইন লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা বাধ্যতামূলক। সড়ক নিরাপত্তা বিধিমালার আওতায় লাইসেন্স ফিরে পেতে হলে ইকার্দিকে পুনরায় গাড়ি চালনার নির্ধারিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং নিজের উপযুক্ততা প্রমাণ করতে হবে।
মাঠের বাইরে এমন আইনি জটিলতার পাশাপাশি পেশাদার ফুটবলেও অনিশ্চয়তায় রয়েছেন ইকার্দি। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি বর্তমানে দলহীন অবস্থায় আছেন। কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার একাধিক ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়ে গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন