জুলাই ৭, ২০২৬, ০৫:১৪ পিএম
চলমান ফুটবল বিশ্বকাপের উত্তাপের মধ্যেই আলোচনায় উঠে এসেছে ২০৩০ সালের বিশ্বকাপের আসর। ফুটবলের এই বৈশ্বিক টুর্নামেন্ট ২০৩০ সালে শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে। ঐতিহাসিক এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে ফিফা নতুন এক চমকপ্রদ পরিকল্পনা হাতে নিয়েছে।
২০৩০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন মহাদেশের মোট ছয়টি দেশে। টুর্নামেন্টের প্রধান তিন স্বাগতিক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এর পাশাপাশি বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। স্বাগতিক হওয়ার সুবাদে এই ছয়টি দেশের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তবে লাতিন আমেরিকার দেশগুলো আয়োজক হলেও তাদের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে হবে।
ইতিহাসের প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে এবং তারাই ছিল প্রথম চ্যাম্পিয়ন। সেই আসরের রানারআপ ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের শতবর্ষী আয়োজনে তাদের সম্পৃক্ততা ছিল দীর্ঘদিনের প্রত্যাশা। অন্যদিকে, কনমেবলের ঘরবাড়ি হিসেবে পরিচিত প্যারাগুয়েকেও আয়োজনের অংশ করা হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপে ৬টি দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ইতিহাসে এটি হতে যাচ্ছে দীর্ঘতম টুর্নামেন্ট। সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ জুন শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ২১ জুলাই। তিন মহাদেশজুড়ে এই বিশাল আয়োজন ফুটবল ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ফিফা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন