সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপ ফাইনালের ডাগআউটে গুরু-শিষ্যের অদ্ভুত লড়াই

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১১:২৪ পিএম

বিশ্বকাপ ফাইনালের ডাগআউটে গুরু-শিষ্যের অদ্ভুত লড়াই

ছবি - সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে এবার দেখা যাবে এক অনন্য কোচিং লড়াই। লিওনেল মেসির আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াইয়ে মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন দুই কোচ লিওনেল স্কালোনি এবং দে লা ফুয়েন্তে। ফুটবল বিশ্বের এই দুই সফল কোচের মধ্যে রয়েছে গুরু-শিষ্যের সম্পর্ক। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অধীনে কোচিং কোর্স করার সময় দে লা ফুয়েন্তের সরাসরি ছাত্র ছিলেন আর্জেন্টিনার বর্তমান কোচ স্কালোনি।

গুরু-শিষ্যের এই দ্বৈরথ ঘিরে এখন ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।দুই কোচের ফুটবল দর্শনে ব্যাপক সাদৃশ্য রয়েছে। পজিশন ভিত্তিক ফুটবল খেলা এবং প্রতিপক্ষকে চাপে রেখে দ্রুত আক্রমণে যাওয়ার কৌশলে উভয়ই সমান পারদর্শী। মাঠের খেলায় মেসি বা অন্যান্য তারকাদের পাশাপাশি ডাগআউটে থাকা এই দুই টেকটিশিয়ানের কৌশল হবে ফাইনালের মূল নির্ধারক। আর্জেন্টিনা ও স্পেন—উভয় দলই এবারের বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফাইনালে উঠে এসেছে।

দে লা ফুয়েন্তে স্কালোনির সঙ্গে বন্ধুত্বের বিষয়টি বরাবরই স্বীকার করে এসেছেন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, স্কালোনির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও বন্ধুত্ব রয়েছে। তবে মাঠের লড়াইয়ে ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে পেশাদারিত্বকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। ফাইনালে আর্জেন্টিনা বা স্পেন যারাই থাকুক না কেন, সেরা দলটিই জয়ী হবে বলে মনে করেন তিনি।

কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে স্কালোনি দে লা ফুয়েন্তের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন, তা আজ আন্তর্জাতিক ফুটবলে দুই কোচের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। দে লা ফুয়েন্তে শুধু স্কালোনির শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন সফল কোচিং ট্রেইনার। স্কালোনি নিজেও একাধিকবার গণমাধ্যমের সামনে তাঁর গুরুর অবদানের কথা অকপটে স্বীকার করেছেন।

ফাইনাল ম্যাচে ট্যাকটিক্যাল এই লড়াই কেবল খেলোয়াড়দের পারফরম্যান্স নয়, বরং মাঠের বাইরে দুই কোচের কৌশলেরও পরীক্ষা হবে। আর্জেন্টিনা ও স্পেন দুই দলই তাদের সেরা ফুটবল খেলার প্রত্যয় জানিয়েছে। বিশ্বকাপ ট্রফি জয়ের এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবেন, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।