সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৮ এএম
জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর এবার নিজ দেশের সমর্থকদের সামনে বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে সাবেক এই অধিনায়ককে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
দেশের মাটিতেই শেষ হচ্ছে তার দুই দশকের পথচলা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া নিশ্চিত করেছেন, এই ম্যাচটিকে আনুষ্ঠানিকভাবে মেসির বিদায়ী আয়োজন হিসেবে রূপ দেওয়া হচ্ছে। তিনি মেসিকে জাতীয় দলের ঐতিহাসিক প্রতীক হিসেবে বর্ণনা করেন। ঘরের মাঠে এই মহাতারকাকে সম্মান জানাতে আয়োজনে কোনো কমতি রাখা হচ্ছে না। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের প্রতিটি সদস্য এবং তাদের পরিবারকে ঐতিহাসিক এই মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড গত আগস্টে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় তিনি উল্লেখ করেছিলেন, দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সির জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি। আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে।
বেনিনের মুখোমুখি হওয়ার আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে মেসির সঙ্গী হিসেবে রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোকেও দলে রেখেছেন কোচ। সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে প্রিয় দর্শকদের উপস্থিতিতেই আকাশী-সাদা জার্সির গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি টানবেন আর্জেন্টাইন অধিনায়ক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন