সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:১৫ পিএম
বিশ্ব রেকর্ড ভাঙল সৌদি আরবের ক্লাব আল নাসর। টানা ৮৭ বছর ধরে অক্ষুণ্ণ থাকা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের অনন্য কীর্তি ভেঙে ঘরোয়া লিগে টানা ৯৪ ম্যাচে গোল করার নতুন ইতিহাস গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ফুটবল ইতিহাসের এই মাইলফলক স্পর্শ করতে আল নাসরের সময় লেগেছে প্রায় তিন বছর। সৌদি প্রো লিগে দলটির টানা গোলের এই পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় দিয়ে। এরপর থেকে লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একবার হলেও প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে রিয়াদের এই ক্লাবটি।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর করা গোলের মাধ্যমে রিভার প্লেটের ৯৩ ম্যাচের পুরোনো রেকর্ডে ভাগ বসায় তারা। পরবর্তীতে আল খালিজের বিপক্ষে ম্যাচে আসে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। আবদুল্লাহ আল-হামদানের করা গোলেই রচিত হয় টানা ৯৪ ম্যাচে স্কোরের নতুন বিশ্ব রেকর্ড। এর মধ্য দিয়ে অবসান ঘটল ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা রিভার প্লেটের গৌরবময় রেকর্ডের। ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল আর্জেন্টিনার ক্লাবটি।
সেই সময়কার বিখ্যাত দল `লা মাকিনা`র হয়ে মাঠে নেমেছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তিরা, যেখানে ৯৩ ম্যাচে তাদের মোট গোলসংখ্যা ছিল ৩০১টি। দীর্ঘ প্রায় পৌনে এক শতাব্দী পর সেই রেকর্ড ভেঙে দিল সৌদি আরবের পরাশক্তিরা। ২০২৩ সালে ক্লাবে যোগদানের পর থেকেই আল নাসরের আক্রমণভাগে কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন রোনালদো, যিনি রেকর্ড স্পর্শের ম্যাচেও লক্ষ্যভেদ করেছিলেন।
তবে রিভার প্লেটের আরও একটি বৈশ্বিক রেকর্ড এখনও টিকে রয়েছে। লিগ ও ঘরোয়া কাপ মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এর মধ্যে ৯৩টি লিগ ম্যাচের বাইরে পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ অন্তর্ভুক্ত ছিল। ওই যৌথ প্রতিযোগিতার রেকর্ড অক্ষত থাকলেও একক ঘরোয়া লিগে এখন নতুন ইতিহাসের শীর্ষে আল নাসর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন