মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত: বাণিজ্যমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:০২ এএম

বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিস্কুট ও পাউরুটিসহ সব ধরনের বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নিত্যপ্রয়োজনীয় খাদ্যের বাজারে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

সভায় সম্প্রতি বেকারি পণ্যের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের পূর্বঘোষণা, বর্তমান উৎপাদন খরচ এবং বাজারজাতকরণ ব্যয়ের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার প্রেক্ষিতে কাঁচামালের বাজারদর, কর ও শুল্ক কাঠামো এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই সুপারিশের ভিত্তিতেই পরবর্তীতে দামের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়। সরকার পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে, উৎপাদনকারীদের ক্ষতিগ্রস্ত না করে ভোক্তা ও সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে।