আগস্ট ১৭, ২০২৬, ০৬:৪৯ পিএম
দেশের হাই স্কুল ও মাদরাসাগুলোতে শীঘ্রই ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার ঢাকায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে বর্তমানে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বদলি কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সরকারি হাই স্কুল ও মাদরাসাগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বদলি কার্যক্রম শেষ হওয়ার পরপরই নতুন এই বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদের আইনি জটিলতা নিষ্পত্তি করা হয়েছে এবং পাবলিক স্কুলের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভার পরীক্ষাও খুব শীঘ্রই সম্পন্ন করা হবে।
নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এই কার্যক্রমগুলো নিয়মিত তদারকি করা হবে। এছাড়া দেশের সব শিক্ষকের অবসর ভাতা প্রদানের উদ্যোগও বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করছে। সঠিক সময়ে মেধাবী শিক্ষকদের নিয়োগ সম্পন্ন হলে শিক্ষাব্যবস্থার গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন