সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:৪০ এএম
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বুধবার সকালে এই আটকের তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেটও। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাজধানীর একটি এলাকা থেকে এই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সী শিক্ষিকা রনজিনা পারভীন চিকিৎসার উদ্দেশ্যে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের দিকে রিকশায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে এসে পেছন থেকে তার হাতব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। হ্যাঁচকা টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরদিন ৩০ আগস্ট নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন