জুলাই ১৮, ২০২৬, ০৬:৫২ পিএম
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে অনুশীলনের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্পেনের বিপক্ষে রোববার নিউ জার্সিতে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের দুই দিন আগে তিনি এই ক্ষোভের কথা জানান।সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল।
শুক্রবার বিকেলে অনুশীলনের সূচি নিয়ে তিনি বলেন, ফিফার নির্ধারিত সূচির কারণে তাদের পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, অনুশীলনের সময়টা ছিল বেশ অস্বস্তিকর। তীব্র গরমের মধ্যে বিকেল সাড়ে ৩টায় অনুশীলন করতে হওয়ায় খেলোয়াড়দের জন্য তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া সংবাদ সম্মেলনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে মাঠের পরিকল্পনা নিয়ে কাজ করার পর্যাপ্ত সময় তারা পাননি বলে উল্লেখ করেন কোচ।তিনি বলেন, এখন মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ফাইনালের পরিকল্পনা করা।তবে প্রতিপক্ষ স্পেনকে সমীহ করলেও নিজের দলের সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন স্কালোনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন