শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
মেসির শেষ ম্যাচ

মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:৪৯ পিএম

মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট দুই ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মাঝে চরম উন্মাদনা তৈরি হয়েছে। বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্টাল স্টেডিয়ামের ধারণক্ষমতা অনুযায়ী ছাড়া ৮০ হাজার টিকিট এই বিপুল চাহিদার তুলনায় ছিল একেবারেই অপ্রতুল।

টিকেটের জন্য সমর্থকদের মাঝে তীব্র হুড়োহুড়ি তৈরি হয়। এর আগে গত আগস্ট মাসের শেষ দিকে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার পার করে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। তবে এই কিংবদন্তিকে মাঠ থেকে উপযুক্ত ও যথাযোগ্য মর্যাদায় বিদায় সংবর্ধনা দিতে বেনিনের বিপক্ষে আসন্ন ম্যাচে তাকে আরেকবার দলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া জানিয়েছেন, মেসি আনন্দের সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। 

তিনি আরও জানান, বিশ্বের সেরা এই ফুটবলারের শেষ নৃত্য বা শেষ ট্যাঙ্গো মাঠে বসে উপভোগ করতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব ফুটবলার এবং তাদের পরিবারকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় দলের পোশাকে রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫টি গোল করেছেন এই মহাতারকা। আটবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলার ২০২২ সালে আর্জেন্টিনাকে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ এনে দেন। 

এর পাশাপাশি তিনি ২০১৪ ও ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালেও দলের হয়ে লড়েছেন। আন্তর্জাতিক আঙিনায় তার ঝুলিতে রয়েছে দুটি কোপা আমেরিকা শিরোপাও। বেনিনের বিপক্ষে এই ম্যাচটি বর্তমান আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার খেলা তিনটি প্রীতি ম্যাচের শেষ লড়াই হিসেবে নির্ধারিত রয়েছে। এর আগে সূচি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবং আগামী ৩ অক্টোবর বুয়েনস আইরেসের মাঠে খেলবে বুর্কিনা ফাসোর বিপক্ষে।