সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সাকিব আল হাসান এবার খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ০৩:২৪ পিএম

সাকিব আল হাসান এবার খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে

ছবি- সংগৃহীত

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন। শুক্রবার আটলান্টা ফায়ার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।

আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আটলান্টা ফায়ার তাদের পোস্টে সাকিবকে 'গেম চেঞ্জার' হিসেবে বর্ণনা করেছে। তারা লিখেছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন ২০২৫ মাইনর লিগ মৌসুমে। ব্যাট ও বল দু’দিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।”

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে মাইনর লিগকে বিবেচনা করা হয়। এই লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নিয়ে থাকেন। বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাকিব জাতীয় দলের বাইরে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার খেলার কথা থাকলেও, তীব্র জনরোষের কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তখন থেকেই তিনি বেশিরভাগ সময় তার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।