ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:২১ পিএম
আসন্ন এপ্রিল মাসের শেষার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড় এবং দেশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই তিন মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান।
এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে শিলাবৃষ্টিসহ ৪ থেকে ৮ দিন কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি বুলেটিনে আরও জানানো হয়েছে যে, এপ্রিলের শেষ দিকে দেশে তাপমাত্রার পারদ চরম পর্যায়ে পৌঁছাতে পারে। এই সময়ে তিন থেকে পাঁচটি মৃদু ও মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি এক থেকে দুটি ‘তীব্র’ তাপপ্রবাহ (৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহের কারণে জনজীবনে অস্বস্তি বাড়ার ঝুঁকি রয়েছে।এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।
এ মাসের শেষার্ধে কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। তবে ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস মূলত কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এপ্রিলের কালবৈশাখী ও সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন