সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:২৫ পিএম
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চার দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর এই পূর্বাভাস জানিয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে ২৮ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে না যাওয়ায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরের ক্ষেত্রেও সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে এক নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া সম্পর্কিত হালনাগাদ তথ্যের জন্য অধিদপ্তরের ডিজিটাল মাধ্যমগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন