এপ্রিল ২২, ২০২৬, ১০:৪৮ এএম
দেশের ৪টি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। তবে বৃষ্টির আভাস থাকলেও দেশের কয়েকটি জেলা ও বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এর বাইরে দেশের অন্য এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির এই সম্ভাবনা থাকলেও টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আপাতত কমার লক্ষণ নেই।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে গরমের তীব্রতা ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির এলাকা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবারের আবহাওয়া পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দেশের প্রায় সব বিভাগেই অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সপ্তাহের শেষের দিকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং জনজীবনে স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়া বয়ে যাওয়ার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন